সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা হ্রাস করে জারি করা একটি পরিপত্রের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। রোববার ১০ জন আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনকারীগণ হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, আবদুল্লাহ সাদিক, মো. মিজানুল হক, যায়েদ বিন আমজাদ, মোহাম্মদ শানেওয়াস, ছাব্বির রহমান, মাহমুদুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান। এতে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে।

আবেদনকারীদের মূল দাবি হলো, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত এই পরিপত্রটি বাতিল করতে হবে। তাদের মতে, এই পরিপত্রটি বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এবং বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য মামলায় আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে যে, এর আগেও ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হয়েছিল। সেই সময় হাইকোর্ট বিভাগ ৬ মার্চ ২০২৫ মার্চ ২০২৫ তারিখে সুয়োমোটো রুল নং ৩/২০২৫-এর মাধ্যমে তার কার্যকারিতা স্থগিত করে বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল। পরবর্তীকালে ৯ মার্চ ২০২৫ তারিখে সেই পরিপত্রটি বাতিল করা হয়।

আবেদনকারীদের ভাষ্যমতে, আদালতের পূর্ববর্তী স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও নতুন করে এই পরিপত্র জারি করা বিচার বিভাগের মর্যাদা ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে। এটি বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করেছে বলে তারা দাবি করেছেন। রিট আবেদনে পরিপত্রটির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি এটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা এবং পূর্বের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়েছে।