রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে এই কর্মসূচির আয়োজন করে গুলশান থানা জামায়াত। রাত ৮টা ৪৫ মিনিটে ভাটারা থানার সামনে থেকে মিছিলটি শুরু হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বক্তব্য রাখেন। তিনি বলেন, গুলশান এলাকায় নিষিদ্ধ আওয়ামী সংগঠনের লোকেরা মিছিল করেছে, যার প্রতিবাদেই আজ তারা রাস্তায় নেমেছেন। ইয়াসিন আরাফাত আরও বলেন, যারা শত শত মায়ের বুক খালি করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে এবং গণতন্ত্রের কবর রচনা করেছে, তাদের ঠাঁই বাংলাদেশে হতে পারে না।
প্রশাসনের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় নিষিদ্ধ সংগঠনের লোকেরা কীভাবে মিছিল করার সুযোগ পায়। একই সঙ্গে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার কার্যক্রমে কোনো ধরনের তালবাহানা করা হলে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দেন। এই ফ্যাসিবাদীদের আর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দলটির অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়। কর্মসূচিতে গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম ও গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আযাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।