ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হলেও পূর্ণ মাত্রায় উৎপাদনে ফিরতে আরও কিছুটা সময় প্রয়োজন।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করেই ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে ওই রাতে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। শুক্রবার বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, গতকাল মধ্যরাতে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছায়।
উল্লেখ্য, ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে পিডিবি আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষর করে। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদার ওপর ভিত্তি করে এই কেন্দ্রটি থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ডও রয়েছে।