ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুল্লাহ হক নামে এক বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহত আসাদুল্লাহ হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চকসিমানন্দ বিওপি এলাকায়। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সীমান্তে বিএসএফের গুলিতে আহত হওয়ার পর আসাদুল্লাহকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঠিক কী পরিস্থিতিতে বা কীভাবে আসাদুল্লাহ হক সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।