সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় রোববার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, সোমবার তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর বর্তমানে গ্রেপ্তার আছেন এবং গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন দাবি করেছেন যে, ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মতিউর রহমান। এ ছাড়া, জিয়াউর রহমান হত্যার ঠিক দুই দিন আগে ২৮ মে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও মোজাফফর স্বীকার করেছেন। প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, মোজাফফরকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। ঘটনার ৪৫ বছর পর গত ১৫ জুলাই মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।