রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এককভাবে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে উত্তর সিটির মেয়র পদে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটির মেয়র পদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে একটি সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যার সমাধান এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন। একইসঙ্গে পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারি রাখার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে দক্ষিণ ও উত্তর মহানগরের আহ্বায়ক যথাক্রমে ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।