রংপুর ও দিনাজপুরের দুটি পৃথক এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে পরিত্যক্ত অবস্থায় মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এই বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রোববার দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩-এর একটি দল। অভিযানের সময় বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের পাশে মালিকবিহীন অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে র‌্যাবের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে ব্যাগ দুটি তল্লাশি করে একটিতে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব। উদ্ধারকৃত গুলিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের পার্বতীপুর থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রংপুরের মিঠাপুকুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে দুই দিনে মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। জনবহুল সড়কের পাশে এভাবে বিপুল পরিমাণ গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার বিষয়টি নিছক বিচ্ছিন্ন ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এলাকাবাসী এই গুলিগুলো কোথা থেকে এসেছে এবং কারা এগুলো রেখে গেছে, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন। পাশাপাশি, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এই গুলিগুলো মজুত করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।