ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ২৮টি মামলায় ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার তিন মাসব্যাপী মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকা থেকে এসব জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী তিন মাসের কর্মসূচির আওতায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মশার বংশ বিস্তার ও প্রজননক্ষেত্র পরিদর্শন করবেন।

এই কর্মসূচির অংশ হিসেবে কর্মীরা বাসা-বাড়িতে গিয়ে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদ বাগান পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করবেন। এছাড়া নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ডেঙ্গু সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদানের কাজও চলমান থাকবে।