ঝালকাঠির নলছিটিতে দীর্ঘ পাঁচ বছর ধরে ঝুলে থাকা সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নলছিটি-বরিশাল মহাসড়কের মল্লিকপুর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, ২০২০-২১ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২ এর অধীনে মল্লিকপুর-সূর্যপাশা ও শংকরপাশা-দক্ষিণ গৌড়িপাশাসহ মোট আটটি সড়ক সংস্কারের জন্য পৌনে দুই কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ পাঁচ বছরেও ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিন্স কনস্ট্রাকশন, খন্দকার ব্রাদার্স এবং খান এন্টারপ্রাইজ কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সড়কগুলো বর্তমানে চলাচলের অনুপযোগী খানাখন্দে পরিণত হয়েছে, যার ফলে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি সূর্যপাশা এলাকায় অগ্নিকাণ্ডের সময় ভাঙাচোরা রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে পড়লে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভা নিয়মিত ট্যাক্স আদায় করলেও নাগরিক সুবিধা প্রদানে ব্যর্থ হচ্ছে। দ্রুত সড়ক নির্মাণ কাজ শুরু না হলে পৌরসভা বাতিলের দাবি জানান তারা। একই সাথে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু না হলে মহাসড়ক অবরোধ ও পৌর ট্যাক্স দেওয়া বন্ধের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, নজরুল ইসলাম তালুকদার, ব্যবসায়ী মনির হোসেন, আব্দুস সালাম, প্রভাষক নাসির উদ্দীন ও বালী তাইফুর রহমান তূর্যসহ শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।