দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা সরাসরি তদারকি শুরু করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বসে তিনি বেশ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন। এ সময় অননুমোদিত অনুপস্থিতি পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিতভাবে নিজ অফিসকক্ষ থেকেই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মনিটরিং করবেন। প্রথম দিন সোমবার তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নরসিংদীর বেলাবো ও রায়পুরা, লালমনিরহাটের আদিতমারী, বান্দরবানের লামা এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এই তদারকিকালে কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে।
ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী।