কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন না নিয়ে একাধিক পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভ্রমণের দায়ে কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি চাকরি আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের অংশ হিসেবে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে। এর আগে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠার পর তাকে গাজীপুর ভ্যাট কমিশনারেট থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিল। গত ২৭ আগস্ট প্রাথমিকভাবে তথ্যের সত্যতা পাওয়ার পরই তাকে ওএসডি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও মো. আইয়ুব ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। এই সময়ে তিনি তিনটি পাসপোর্ট (বিপি০৩৭৯৫, এ০৩৩২৭১ ও এ০৯১৮৩৪) ব্যবহার করে মোট ২৫ বার বিদেশ ভ্রমণ করেছেন।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এই পাসপোর্টগুলো ব্যবহার করে তিনি ভারতে ১২ বার, থাইল্যান্ডে ৭ বার, সংযুক্ত আরব আমিরাতে ২ বার, চীনে ২ বার এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে একবার করে ভ্রমণ করেছেন। তার ব্যবহৃত একটি পাসপোর্টে পেশা হিসেবে 'প্রাইভেট সার্ভিস' উল্লেখ করা ছিল, যদিও সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা পাসপোর্ট থাকার নিয়ম রয়েছে।

জানা গেছে, আলোচ্য সময়ে মো. আইয়ুব ৩ পাসপোর্ট ব্যবহার করে ৬ দেশে ২৫ বার ভ্রমণে গেছেন। পাসপোর্ট নাম্বার হচ্ছে- বিপি০৩৭৯৫, এ০৩৩২৭১ ও এ০৯১৮৩৪। এর মধ্যে একটি পাসপোর্টে পেশা হিসেবে ‘প্রাইভেট সার্ভিস’ উল্লেখ করেন তিনি। যদিও সরকারি কর্মকর্তাদের জন্য পৃথক পাসপোর্ট রয়েছে।