গত সপ্তাহে হামলার শিকার হওয়া সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন মেরামতের জন্য তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখা হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশটিতে গণমাধ্যমের কাছে তথ্য প্রদানের অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
কর্মকর্তাদের ভাষ্যমতে, পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশনসহ ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করতে তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। তবে মেরামতের কাজ চলাকালীন পাইপলাইনটির কিছু অংশ সীমিত আকারে চালু রাখার সম্ভাবনা রয়েছে বলেও একজন কর্মকর্তা জানিয়েছেন।
সৌদি আরবের তেল রপ্তানি কৌশলের মূল কেন্দ্রবিন্দু হলো প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার বা ৭৪৫ মাইল দীর্ঘ এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। হরমুজ প্রণালিতে ইরানের হামলার কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এই নৌপথ এড়িয়ে লোহিত সাগরের মাধ্যমে তেল রপ্তানি বাড়াতে সৌদি আরব এই পাইপলাইনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। পাইপলাইনটির মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করা সম্ভব।
সৌদি আরবের অভিযোগ, গত সপ্তাহে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার ফলেই পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর বৃহস্পতিবার সৌদি আরব পাইপলাইনটি পুরোপুরি বন্ধ করে দেয়। পাইপলাইনটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার মধ্যে তেলের এই বিকল্প পরিবহনপথ দীর্ঘস্থায়ীভাবে বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা ও উদ্বেগ তৈরি হতে পারে।