নাটোরের গুরুদাসপুরে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবন বিনা নোটিশে বিক্রির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি প্রধান শিক্ষকের দায়িত্ব থাকাকালীন সময়ে ভেঙে মাত্র ৮০ থেকে ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়। এই অনিয়মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনি আহম্মেদের স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৫৪ ও ৬৩(ক) ধারার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি সোমবার (১৪ সেপ্টেম্বর) জারি করা হয় এবং ১৫ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক নিজের দায় স্বীকার করে নোটিশের জবাব দিয়েছেন। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাসান ইমামকে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, সংশ্লিষ্ট দপ্তরকে এই বরখাস্তের বিষয়টি অবহিত করা হয়েছে।