ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা ১ নম্বর ওয়ার্ডের মোল্লার দোকান এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে একটি ছাগল গাছ খাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কালাম বেপারীর লোকজন আবু তাহের মাঝির ছেলে মিজান (২৮), নুরে আলম (২৫) এবং পুত্রবধূ রেসমা বেগমকে (২৩) দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন।

আহত মিজান জানান, কালাম বেপারীর একটি ছাগল তাদের একটি গাছ খাচ্ছিল। তার ছোট বাচ্চা ছাগলটিকে তাড়িয়ে দিলে কালাম বেপারী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নিজে এবং তার লোকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর চড়াও হন। মিজান আরও অভিযোগ করেন যে, কালাম বেপারী সরকারি খাস পুকুর ব্যবহার করতে বাধা দিচ্ছেন এবং তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানিয়েছেন, এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা ও প্রস্তুতি চলছে।