হুতি বিদ্রোহীদের নিয়মিত হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের ছয়টি প্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ থেকে জাজান প্রদেশ এবং আল-উলায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।

এর আগে জেদ্দা, ইয়ানবু ও তায়েফের বাসিন্দাদেরও সম্ভাব্য বিপদের মুখে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছিল। সিভিল ডিফেন্সের মহাপরিচালক সাধারণ মানুষকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি সবাইকে নিরাপদ স্থানে অবস্থান নিতে এবং কেবল সরকারি তথ্যের ওপর নির্ভর করার তাগিদ দিয়েছেন।

অন্যদিকে, ইয়েমেনে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী হুথিদের কাছ থেকে বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ পুনরায় নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার ফলে সেখানে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধুবাব ও মাকবানাহ জেলায় হওয়া হামলায় আরও দুইজন আহত হয়েছেন। এছাড়া এই সংঘাতের জেরে ইয়েমেনে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।