প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০২
প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহীকে গ্রেপ্তার করেছে police। সোমবার রাতে ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শেখ মঞ্জু এলাহী গোপালপুর এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তাকে কোনো প্রকার তথ্য না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেন মঞ্জু এলাহী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার প্রথম স্ত্রী সোমা এলাহী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত ওই মামলার পরিপ্রেক্ষিতে মঞ্জু এলাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার রাতে ডাসার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।