পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের কারাবন্দী অবস্থায় চিকিৎসা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এবার এই ইস্যুতে সরাসরি অবস্থান নিয়েছেন ক্রিকেটের আঁতুড়ঘর অস্ট্রেলিয়ার সাতজন সাবেক অধিনায়ক। সম্পূর্ণ রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে কেবল মানবিক দৃষ্টিকোণ থেকে তারা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং-এর কাছে একটি বিশেষ আবেদনপত্র পাঠিয়েছেন।

এই যৌথ আবেদনে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সাত কিংবদন্তি—অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ। আদিয়ালা জেলে বন্দি ৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্যঝুঁকি, সুচিকিৎসার অভাব এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সাবেক এই অধিনায়করা চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইমরান খানের বিরুদ্ধে চলমান কোনো আইনি বা রাজনৈতিক মামলার বিচারে তারা হস্তক্ষেপ করতে চান না। তবে একজন মানুষ এবং সাবেক সহকর্মী হিসেবে তার প্রতি যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা বিশ্ব ক্রীড়াঙ্গনকে ব্যথিত করছে। তারা জোর দিয়ে বলেন, ‘আমরা এখানে কোনো রাজনৈতিক অবস্থান নিতে আসিনি। এটি শুধুই মানবতা এবং একজন বন্দীর মৌলিক অধিকার রক্ষার লড়াই।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এই চিঠিতে সুনির্দিষ্টভাবে তিনটি দাবি জানানো হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত একটি স্বাধীন মেডিক্যাল বোর্ডকে দিয়ে ইমরান খানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো হোক, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকেরাও থাকবেন। বিশেষ করে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি হ্রাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা প্রয়োজন। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী কোনো ধরনের প্রশাসনিক বাধা বা দীর্ঘসূত্রতা ছাড়া তার সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎকারের সুযোগ পুনর্বহাল করতে হবে। তৃতীয়ত, স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

ইমরান খানের বোন ও সন্তানেরা দীর্ঘদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি এবং পর্যাপ্ত চিকিৎসার অভাব নিয়ে অভিযোগ করে আসছেন। এর আগেও গত ফেব্রুয়ারি এবং আগস্ট মাসে বিশ্বের একাধিক নামী-দামি সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে একই ধরনের চিঠি পাঠিয়েছিলেন। এমনকি বর্তমান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও ইতিপূর্বে ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদাপূর্ণ আচরণের দাবি জানিয়েছিলেন।