দেশের সাধারণ বীমা খাতে গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বা বকেয়া দাবির পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) শেষে দেশের ৪৬টি সাধারণ বীমা কোম্পানিতে মোট ৩,৪৪৮ কোটি ৪৩ লাখ টাকার দাবি অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ বা ২,৭৪৬ কোটি টাকাই আটকে আছে মাত্র পাঁচটি কোম্পানির কাছে।
পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিগুলো মোট ৫১৯ কোটি ৩২ লাখ টাকার দাবি নিষ্পত্তি করেছে, যা মোট বকেয়া দাবির মাত্র ১৩.০৯ শতাংশ। অধিকাংশ কোম্পানির দাবি নিষ্পত্তির হার ৫০ শতাংশের নিচে, আবার কয়েকটির ক্ষেত্রে এই হার ১০ শতাংশেরও কম। সবচেয়ে পিছিয়ে থাকা নর্দার্ন ইসলামী ইনস্যুরেন্সের নিষ্পত্তির হার মাত্র ০.৯৩ শতাংশ। তাদের ৮১ কোটি ১ লাখ টাকার দাবির বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র ৭৫ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া অগ্রণী ইনস্যুরেন্সের নিষ্পত্তির হার ১.৫২ শতাংশ, পিপলস ইনস্যুরেন্সের ২.৬৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের ২.৪৮ শতাংশ, মেঘনা ইনস্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশের ৬.২৮ শতাংশ এবং দেশ জেনারেল ইনস্যুরেন্সের ৬.৩১ শতাংশ।
বকেয়া দাবির শীর্ষ তালিকায় রয়েছে এসবিসি। দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট ২,২৮০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকার দাবির মধ্যে নিষ্পত্তি হয়েছে ২১৩ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। জুন শেষে তাদের অনিষ্পন্ন দাবির পরিমাণ দাঁড়িয়েছে ২,০৬৭ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা, যেখানে নিষ্পত্তির হার ৯.৩৮ শতাংশ। বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সে, যেখানে ২৯৫ কোটি ৯৬ লাখ টাকা অনিষ্পন্ন রয়েছে। এছাড়া প্রগতি ইনস্যুরেন্সে ১৫৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা, রিলায়েন্স ইনস্যুরেন্সে ১৪০ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা এবং পিপলস ইনস্যুরেন্সে ৮৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার দাবি বকেয়া রয়েছে।
বীমা খাতের এই নাজুক পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে কঠোর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বীমা দাবি পরিশোধ করতে হবে এবং প্রয়োজনে গ্রাহকের পাওনা মেটাতে সংশ্লিষ্ট কোম্পানির সম্পদ বিক্রি করা হবে। আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানিয়েছেন, বছরের পর বছর জমে থাকা আস্থার সংকট ও তথ্য গোপনের অপচেষ্টা দূর করে খাতে স্বচ্ছতা আনা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্যারেজে বা আড়ালে সার্ভার লুকিয়ে রেখে কিংবা ভুয়া তথ্য দিয়ে আর কোনো প্রতিষ্ঠান পার পাবে না।
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৪৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৪৫
বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনিষ্পন্ন দাবি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট দাবি ছিল ৩২৮ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ৩২ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা নিষ্পত্তি হয়েছে। ফলে অনিষ্পন্ন রয়েছে ২৯৫ কোটি ৯৬ লাখ টাকা। দাবি নিষ্পত্তির হার ১০.০২ শতাংশ।