যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় মঙ্গলবার চ্যাটসওয়ার্থ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ ও সরাসরি সম্প্রচার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শহরটির অগ্নিনির্বাপক বাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

বিধ্বস্ত হওয়া আকাশযানটি নিজেদের ‘নিউজচপার ৪’ বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সাথে সাথেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা চারটি গাড়ি ও দুটি কন্টেইনারে।

অগ্নিনির্বাপক বাহিনীর ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলেভারম্যান জানিয়েছেন, দুর্ঘটনার তীব্রতায় হেলিকপ্টার থেকে একজন ব্যক্তি বাইরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে এনবিসি ফোর-এর উপস্থাপক কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচার চলাকালে তাদের সহকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

যে সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে হেলিকপ্টারটি উড়েছিল, সেটিও ছিল বেশ ভয়াবহ। একই এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং ছয়জন আহত হন। সেই ঘটনার সরাসরি সংবাদ পরিবেশন করার সময়ই এই মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে।