নিউ ইয়র্কের একটি সাবওয়ে স্টেশনে ট্রেনের নিচে পিষ্ট হয়ে ভারতীয় বংশোদ্ভূত এক নারী এবং তার নেপালি-আমেরিকান বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ম্যানহাটনের স্প্রিং স্ট্রিট সাবওয়ে স্টেশনে। রোববার ভোর ৩টা ১৪ মিনিটে পুলিশ এই দুর্ঘটনার খবর পায়।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, লোয়ার ম্যানহাটনের ওই স্টেশনে নারীটি হাসতে হাসতে পুরুষ বন্ধুটিকে নিজের দিকে টেনে নিচ্ছেন। এর পরপরই একটি ডাউনটাউনগামী নম্বর ৪ ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় ট্র্যাকে চলাচলকারী ট্রেনটির তৃতীয় ও চতুর্থ বগির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিউ ইয়র্ক পোস্ট আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভবত তাদের একজন লাইনে পড়ে গিয়েছিলেন এবং অন্যজন তাকে সাহায্য করতে প্ল্যাটফর্ম থেকে নিচে লাফ দেন। তবে কে আগে ট্র্যাকে পড়েছিলেন, তা এখনো নিশ্চিত নয়। ঘটনার সময় ট্রেনে প্রায় ১০০ যাত্রী ছিলেন, যাদের নিরাপদে প্ল্যাটফর্মে সরিয়ে আনা হয়।

নিহতরা দুজনই রাটগার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাদের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, চিত্রে নামে ওই নারী ২০২৪ সালের মে মাসে রাটগার্স-নিউ ব্রান্সউইক স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছিলেন এবং আকাডিয়া ফার্মাসিউটিক্যালসে অপারেশনস স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বন্ধু কাউল ২০২০ সালের শরৎ থেকে ২০২৪ সালের বসন্ত পর্যন্ত রাটগার্স বিজনেস স্কুলে পড়াশোনা করেছেন এবং ব্লুমবার্গে ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন।