পবিত্র নগরী মক্কা আল-মুকাররমার দিকে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সব সময় পূর্ণ সম্মান দেখাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।
সৌদি গ্যাজেটের এক খবরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মক্কার দক্ষিণে ড্রোনটি প্রতিহত করা হয়। সৌদি আরবের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।
এটি মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় চেষ্টা। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল হুতিদের বিরুদ্ধে। তবে হুতি কর্তৃপক্ষ মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্য করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।