প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, এক নারী নোংরা পা ব্যবহার করে খাবার প্রস্তুত করছেন। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, গত ৩ জুলাই ‘sorak7ng’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি প্রথম প্রকাশিত হয়, যা এই আলোচিত ভিডিওটির সম্ভাব্য মূল উৎস। এছাড়া ভিডিওটি যে বাস্তব বা সত্য, তার সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ বা সূত্র খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির সত্যতা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ ব্যবহার করা হয়। সেখানে বিশ্লেষণের পর জানা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ। অর্থাৎ, নোংরা পা দিয়ে খাবার তৈরির দৃশ্যটি বাস্তব নয়, বরং প্রযুক্তির কারসাজিতে তৈরি করা একটি ভুয়া কনটেন্ট।