প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৮
লন্ডন থেকে বাংলাদেশে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিমানের অন্য সাধারণ যাত্রী, বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময়ে লিপ্ত হন। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। মারামারির এক পর্যায়ে এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যেতেও দেখা যায়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের কেবিন ক্রু এবং উপস্থিত অন্যান্য যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন এবং তাদের শান্ত করার পাশাপাশি আলাদা করার চেষ্টা করেন।
ঘটনাটি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ জানান, তিনি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন এবং পুরো ঘটনার খোঁজখবর নিচ্ছেন।