ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্য কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগের বিধান আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। অবিলম্বে এই নতুন নির্দেশনা কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি কোনো ব্যাংকের শেয়ার কিনে প্রতিনিধি পরিচালক নিয়োগ দিতে চায়, তবে মনোনীত ব্যক্তিকে অবশ্যই ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে। এর বাইরে অন্য কোনো পদের ব্যক্তিকে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
শেয়ার ধারণের ক্ষেত্রেও নতুন বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। শেয়ারধারক প্রতিষ্ঠানটি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা নিশ্চিত করতে হবে। এছাড়া কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি পরিমাণ ব্যাংকের শেয়ার কিনতে পারবে না। যদি কোনো কোম্পানি এর চেয়ে বেশি শেয়ার কিনে ফেলে, তবে পরবর্তী ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিনিধি পরিচালকের দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করাও এই নির্দেশনার অন্যতম উদ্দেশ্য।
সার্কুলার অনুযায়ী, কোনো কোম্পানির মনোনীত প্রতিনিধি পরিচালকের ক্ষেত্রে পুনঃনিয়োগ বা পরিবর্তনের প্রয়োজন হলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে শেয়ার ধারণের প্রামাণ্য দলিল কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। পরিচালক পদে বহাল থাকা পর্যন্ত ওই দায়মুক্ত মালিকানার হার বজায় রাখতে হবে; অন্যথায় তার পরিচালক পদ বাতিল হয়ে যাবে। সব ব্যাংকের পর্ষদ সভায় এই নির্দেশনা উপস্থাপন করতে হবে এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও শেয়ারধারকদের বিষয়টি অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।