পাবনার ঈশ্বরদীতে কৃষিকাজে নিয়োজিত থাকা অবস্থায় বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় শামসুল ইসলাম নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের চরে এই ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম উপজেলার কৈকুন্ডা গ্রামের মৃত মার্জিন হোসেনের ছেলে। আহত শামসুল আলম একই ইউনিয়নের বিলকেদার গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিলকেদার চরের কৃষি জমিতে রকিবুল ও শামসুল একসাথে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই ঘটনাস্থলে দগ্ধ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।