ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালকও রয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া গেছে আখি (৩০), মো. জাকারিয়া (১২) এবং অজ্ঞাতনামা সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নান্দেশ্বরী বটতলা এলাকায় টাইগার ব্রিকসের পাশের পাকা সড়কে অটোরিকশা ও পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ মোট চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালক এবং অটোরিকশার দুই যাত্রী রয়েছেন। মরদেহগুলো সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।