নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে প্রদর্শিত ব্যাকগ্রাউন্ড ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অণুজীববিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী অনুষ্ঠান ও কর্মশালার প্রথম দিনে এই ঘটনা ঘটে। র্যালি শেষে মূল আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় ভিডিওর শেষ অংশে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়। এ ঘটনায় অনুষ্ঠানের আহ্বায়ক ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানা এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংগীত পরিবেশনের সময় শেখ হাসিনার ছবি প্রদর্শন সুস্পষ্ট অসদাচরণ এবং চাকরির শৃঙ্খলার পরিপন্থী। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি এটি চরম অবমাননাকর হিসেবে গণ্য করে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
ঘটনার বিষয়ে অনুষ্ঠানের আহ্বায়ক ড. খন্দকার ফাহমিদা সুলতানা বলেন, অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার কারণে জাতীয় সংগীতের ভিডিওটি যথাযথভাবে রিভিউ করা সম্ভব হয়নি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ভিডিও বন্ধ করে অডিওর মাধ্যমে জাতীয় সংগীত সম্পন্ন করা হয়। তিনি জানান, ট্রেজারার অনুষ্ঠান বর্জন না করে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ জানান, ইউটিউব থেকে চালানো ভিডিওতে প্রায় ১০ সেকেন্ডের জন্য শেখ হাসিনার ছবি ভেসে ওঠে, যা দায়িত্বে থাকা শিক্ষার্থীরা খেয়াল করেনি। পরে বিষয়টি নজরে আসার পর দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে ফ্যাসিস্ট ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেখানে বিদেশি বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান ত্যাগ করেন। তিনি আরও জানান, অনুষ্ঠানের রিহার্সাল বা পূর্ব-প্রস্তুতি তদারকি করার কথা ছিল আয়োজকদের, তাই প্রশাসনের পক্ষ থেকে এর ব্যাখ্যা চাওয়া হয়েছে।