সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের সাইবার বিভাগের একজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন ডিএমপির একজন যুগ্ম পুলিশ কমিশনার।
এর আগে প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। ডিএমপি কমিশনার মো. মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা রয়েছে।
গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটিতে রাকিবুল হাসানকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। অডিওতে তাকে বলতে শোনা গেছে, 'শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে, কিচ্ছু হবে না। আপনারা চিন্তাও করতে পারতেছেন না রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল।' এছাড়া অডিওটিতে তিনি আরও বলেন, 'ডিসেম্বর দেরি হয়ে গেছে, এই মাসেই আসা উচিত ছিল। চলে আসলে এই পুলিশ কিচ্ছুই করতে পারবে না।'
তদন্তাধীন ওই অডিওতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও তুলেছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি দাবি করেন, 'সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না।' তবে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অডিওটি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই অডিও ক্লিপের বিষয়বস্তু নিয়েই বর্তমানে তদন্ত কমিটি কাজ করছে।