বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় রোম ইউরোপীয় ইউনিয়নের কোনো যৌথ সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবে না।

প্রতিরক্ষামন্ত্রী ক্রোসেত্তো আরও বলেন, নৌপথ সুরক্ষায় ইতালির নিজস্ব সামরিক সক্ষমতা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার কারণে বর্তমান জটিল পরিস্থিতিকে আরও খারাপ হতে দেওয়া যায় না। বাব আল-মান্দেব প্রণালিটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে এবং সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও ইউরোপের আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান সংযোগস্থল হিসেবে পরিচিত। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই পথ ব্যবহার করে পরিচালিত হয়।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণের পর বাব আল-মান্দেবের কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে গেছে। সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের প্রধান বিকল্প পথ হিসেবে এই প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুত অভিযান চালিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু দ্বীপসহ ইয়েমেনের পশ্চিম লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে এই নৌপথে হুতিদের একক আধিপত্যের ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক সামরিক প্রচেষ্টা সত্ত্বেও ইয়েমেনে তীব্র লড়াইয়ের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় এই বাণিজ্যিক পথের নিরাপত্তা নিশ্চিত করতে বড় সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতেই ইতালি নিজস্ব যুদ্ধজাহাজ মোতায়েনের এই সিদ্ধান্ত নিল।