প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম (18 September 2026, 04:30 PM)
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় একটি মসজিদের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ।
কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) তাহির আলী শাহ জিও নিউজকে জানিয়েছেন, হামলার পর হাসপাতালটিতে ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের সিংহভাগই জুমার নামাজ আদায় করতে আসা সাধারণ মুসল্লি।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ ডন-কে হতাহতের বিষয়টি নিশ্চিত করে হামলার বিবরণ দিয়েছেন। তিনি জানান, একটি গাড়িতে করে আসা আত্মঘাতী হামলাকারী প্রথমে ভবনের প্রবেশদ্বারে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে অগ্রসর হলে তাদের সেখানে নিষ্ক্রিয় করা হয়। তবে অন্য তিনজন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে চলে যায়।
প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পুরোনো পুলিশ লাইনসের পাশে এই মসজিদটি অবস্থিত। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফয়জি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই নৃশংস হামলার দায় স্বীকার করেনি।