সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই দুই শিশুসহ হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৫ জন।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ১৬৫ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৭৭ জন, চট্টগ্রামে ৭৪ জন, বরিশালে ৫৯ জন, খুলনায় ৪০ জন এবং রংপুর বিভাগে ১৪ জন প্রাণ হারিয়েছেন।