ঠাকুরগাঁওয়ে ‘আগামীর প্রজন্মের অঙ্গীকার সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ’ মূলভাবকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬’। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এডিপির উদ্যোগে গোবিন্দনগর এলাকার সেন্ট মাদার তেরেসা স্কুলে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ পরিবেশে তাদের নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিশুদের মতামত, সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের মাধ্যমেই আগামী দিনের নিরাপদ দেশ গঠন সম্ভব।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু ও যুবরা নিজেদের নানা ভাবনা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। একই সঙ্গে তারা দেশ গঠনে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
আয়োজক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এডিপির প্রতিনিধিরা জানান, তারা দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে শিশুদের অধিকার রক্ষা, তাদের নেতৃত্ব তৈরি ও সুরক্ষায় কাজ করে আসছেন। এ ধরনের সমাবেশের মূল উদ্দেশ্য হলো শিশু ও যুবদের কণ্ঠস্বরকে সবার সামনে নিয়ে আসা এবং নীতি নির্ধারণী ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করা।
উক্ত বার্ষিক সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।