বরুড়ায় মাদকসেবী রায়হানকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান
কুমিল্লার বরুড়ায় মাদক সেবনের অপরাধে মোঃ রায়হান নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ রায়হান। সে উপজেলার চৌওরী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার সময় স্থানীয় জনতার সহায়তায় রায়হানকে আটক করা হয়। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে মাদক সেবনের অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আসামি রায়হানকে কারাদণ্ড প্রদান করা হয় এবং সাজা পরোয়ানামূলে কুমিল্লা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও বরুড়া থানা পুলিশ জানায়, বরুড়াকে শতভাগ মাদকমুক্ত করতে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।