ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে সংস্থাটির ডিজিটাল রূপান্তর কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত বৃহস্পতিবার রাজধানীর টিসিবি সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই ডিজিটাল উদ্যোগের সূচনা করেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হওয়া উচিত এবং এর মাধ্যমে সেবা সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ হবে। তিনি উল্লেখ করেন, উৎপাদক পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত পণ্যের দামের ব্যবধান এবং সাময়িক সরবরাহ ঘাটতি বাজারে অস্থিরতা তৈরি করে। এই পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি ভর্তুকির সুবিধা পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টিসিবি জানিয়েছে, ডিজিটাল রূপান্তরের ফলে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে। আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে কার্যকর ব্যবস্থাপনা এবং সঠিক উপকারভোগী নির্বাচনের মাধ্যমে ভর্তুকির অপচয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির সেবার আওতায় রয়েছেন, যা ভবিষ্যতে ১ কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দিয়ে একটি যাচাইকৃত ডিজিটাল ডেটাবেস তৈরি করা হয়েছে।
ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘উপকারী’ নামক একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এর ফলে উপকারভোগীরা সাধারণ কার্ডের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সেবা নিতে পারবেন। এনক্রিপ্টেড কিউআর কোডের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা যাচাই করা হবে, যাতে কার্ড হারিয়ে গেলেও কেউ সেবা থেকে বঞ্চিত না হন। এছাড়া পণ্য বিক্রয় ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘অল-ইন-ওয়ান পিওএস’ মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই, অনলাইন পেমেন্ট এবং তাৎক্ষণিক রসিদ দেওয়ার ব্যবস্থা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার মাধ্যমে বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনার কাজও এখন থেকে অনলাইনে সম্পন্ন হবে।