প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম (19 September 2026)

একসময় ভাতের সঙ্গে ডিম, ব্রয়লার মুরগি কিংবা পাঙাশ ও তেলাপিয়া মাছই ছিল নিম্ন আয়ের মানুষের আমিষের প্রধান ভরসা। তবে বর্তমান বাজারে সেই সস্তা আমিষের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। খুচরা বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের পাশাপাশি পাঙাশ-তেলাপিয়ার দামও এখন আকাশছোঁয়া, যার ফলে বাধ্য হয়ে খাদ্যতালিকা থেকে আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে জানা গেছে, বর্তমানে প্রতি ডজন ফার্মের ডিম ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা পাড়া-মহল্লার মুদি দোকানে ১৬০ টাকা পর্যন্ত ঠেকেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। এছাড়া সোনালি মুরগি প্রতি কেজি ৩১০ থেকে ৩২০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মাছ ও লাল মাংসের বাজারেও একই চিত্র। এক সময়ের কম দামি মাছ হিসেবে পরিচিত পাঙাশ ও তেলাপিয়া কিনতে ক্রেতাদের কেজিপ্রতি ২৩০ থেকে ২৪০ টাকা গুনতে হচ্ছে। অপরদিকে, গরুর মাংসের দাম কেজিপ্রতি কিছুদিন আগের ৮০০ টাকা থেকে বেড়ে এখন ৮৫০ টাকায় দাঁড়িয়েছে। আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়, যা আগে ছিল ১২০০ থেকে ১২৫০ টাকা।

নিত্যপণ্যের এমন চড়া দামে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর কাওরান বাজারে বাজার করতে আসা ভ্যানচালক আমিনুল ইসলাম সজিব জানান, সারারাত ভ্যান চালিয়ে তিনি ৬৫০ টাকা আয় করেছেন। এই সীমিত আয় দিয়ে পরিবারের খরচ চালানো তার জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, আগে এক থালা ভাত একটি ডিম দিয়ে অনায়াসে খাওয়া যেত, কিন্তু এখন ডিমের যে দাম তা কেনাই কষ্টকর। গরুর মাংস শেষ কবে কিনেছেন তা মনে নেই এবং ২০০ টাকা কেজি দরের ব্রয়লার মুরগিও এখন আর কেনা সম্ভব হয় না। এমনকি পাঙাশ ও তেলাপিয়া মাছ কিনতেও হিমশিম খেতে হচ্ছে। ছোট মেয়েটি মাংস খেতে চাইলেও আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় তিনি এসব কেনা বাদ দিতে বাধ্য হয়েছেন।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বাজারের এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম অতিরিক্ত বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষ চরম সংকটে পড়েছেন। তাদের আমিষের মূল উৎস ডিম, ব্রয়লার মুরগি ও সাধারণ মাছের দাম মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। দামের কারণে অনেকেই এসব খাবার কেনা বাদ দিচ্ছেন, যা সরাসরি তাদের পুষ্টির ওপর প্রভাব ফেলছে। বাজারে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ক্রেতাদের পকেট কাটা হচ্ছে অভিযোগ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজার নজরদারি বাড়ানোর জোর দাবি জানান।

শুক্রবার ছুটির দিন রাজধানীর একাধিক খুচরা বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন বাজারে প্রতিডজন ফার্মের ডিম বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকা, যা পাড়া-মহল্লার মুদি দোকানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৬০ টাকা। পাশাপাশি প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৯০-২০০ টাকা। পাশাপাশি প্রতিকেজি সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা, হাইব্রিড ২৯০-৩০০ এবং লেয়ার প্রতিকেজি ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া গরু ও খাসির মাংসে হাত দেওয়া যেন বড় দায় হয়ে দাঁড়িয়েছে। খুচরা বাজারে কেজিপ্রতি গরুর মাংস বিক্রি হয়েছে ৮৫০ টাকা, যা কিছুদিন আগেও ৮০০ টাকা ছিল। আর খাসির মাংস কিনতে গুনতে হচ্ছে ১৩০০ টাকা, যা আগে ১২০০-১২৫০ টাকা ছিল। আর বাজারে কম দামের মাছ পাঙাশ ও তেলাপিয়ার কেজিও ২৩০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।