আন্তর্জাতিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালিকে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করার লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন (এমএমডিসি) সক্রিয় করার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার আরব সাগরতীরবর্তী শহর জেদ্দায় জোটের অংশীদারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন এমএমডিসির প্রধান কমান্ডার ও সৌদি নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। তিনি সাংবাদিকদের জানান, জোটের প্রাথমিক পরিচালনাগত সক্ষমতা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল ও আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য যারা হুমকি হয়ে দাঁড়াবে, তাদের প্রতিহত করা হবে।
প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ বাব আল-মান্দেব প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই সংকীর্ণ জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালে নৌযান চলাচলের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের খনিগুলো থেকে উত্তোলিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
গত ১১ সেপ্টেম্বর ইরান-সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ময়ুন বা পেরিম দ্বীপ দখল করে নেয়। এর মধ্য দিয়ে তারা বাব আল-মান্দেবের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে এবং প্রণালিটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে হুথিদের নিয়ন্ত্রণমুক্ত করতে গত এক সপ্তাহ ধরে ইয়েমেনে বিমান অভিযান চালাচ্ছে সৌদি আরব। সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছিলেন, তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে গোয়েন্দা সহায়তা ছাড়া আপাতত আর কোনো সহায়তা দেওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে হুথিরা বাব আল-মান্দেব ও লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে অবরোধ জারি করলে ৩১ জুলাই সৌদি আরব ১৩ দেশের সমন্বয়ে এমএমডিসি জোট গঠন করে। সৌদি আরব ছাড়া জোটের স্বাক্ষরকারী দেশগুলো হলো বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫০