সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন হবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রকল্পটি অনেক আগে গ্রহণ করা হলেও গত সাড়ে চার বছরে কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, গত ছয় মাসে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ফলে ভূমি অধিগ্রহণের কাজ প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি পৌঁছেছে এবং আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হবে। এছাড়া বর্তমানে ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ।

প্রকল্পের কাজের গতি নিয়ে মন্ত্রী বলেন, সড়কের মোট ১৩টি প্যাকেজের মধ্যে ৮টি প্যাকেজের কাজ সন্তোষজনক হলেও ৫টি প্যাকেজের অগ্রগতি এখনো অসন্তোষজনক। যেসব ক্ষেত্রে বিচ্যুতি রয়েছে, তা কাটিয়ে উঠে প্রকল্প বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্প নিয়ে খুব বেশি মনোযোগী ছিল না, যার ফলে কাজের গতি ধীর ছিল এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভৌত কাজের যেখানে ঘাটতি রয়েছে, তা জোরালো করার চেষ্টা চলছে। সবশেষে তিনি পুনরায় আশ্বস্ত করেন যে, ২০২৯ সালের জুন মাসের মধ্যে দরপত্র অনুযায়ী নির্মাণ কাজ শেষ করে মহাসড়কটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিলনা।

গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ এখন প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি।