সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেলে একটি বিশেষ সুযোগ যুক্ত করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো পদে টানা আট বছর চাকরি করার পরও যদি পদোন্নতি না হয়, তবে কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হবেন। এই সুবিধা পাওয়ার পর একই পদে আরও ছয় বছর অতিবাহিত হলে দ্বিতীয়বারের মতো উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে পুরো চাকরিজীবনে একই পদে সর্বোচ্চ দুবার এই সুবিধা গ্রহণ করা যাবে।

নতুন গেজেটের নির্দেশনা অনুযায়ী, যেসব স্থায়ী কর্মচারী ১ জুলাই ২০২৬ তারিখের আগে কোনো পদে আট বছর পূর্ণ করেছেন কিন্তু ১০ বছর পূর্ণ করতে পারেননি, তারাও চলতি বছরের ১ জুলাই থেকেই প্রথম উচ্চতর গ্রেডের আওতায় আসবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মচারীর চাকরির রেকর্ড এবং সেবা সন্তোষজনক হওয়া বাধ্যতামূলক। উল্লেখ্য, এই উচ্চতর গ্রেড পাওয়াকে পদোন্নতি হিসেবে গণ্য করা হবে না, এটি মূলত স্কেল ও বেতন বৃদ্ধির একটি প্রক্রিয়া।

এই সুবিধা বেতন স্কেলের সর্বোচ্চ চতুর্থ গ্রেড পর্যন্ত কার্যকর হবে। অর্থাৎ, চতুর্থ গ্রেড বা তার ওপরে কর্মরত কোনো কর্মচারী এই নিয়মে তৃতীয় বা তার উচ্চতর গ্রেডে যেতে পারবেন না। এছাড়া, যদি কোনো কর্মচারী আগের বেতন স্কেলে একই পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকেন, তবে নতুন স্কেলে ওই পদে আর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ নেই। তবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত যদি কেউ মাত্র একটি উচ্চতর স্কেল পেয়ে থাকেন, তবে পরবর্তী ছয় বছর পূর্ণ হওয়ার পর তিনি দ্বিতীয় উচ্চতর গ্রেড পেতে পারেন।

পদোন্নতির সুযোগ নেই এমন 'ব্লকড' পদের ক্ষেত্রে সরকার তৃতীয় উচ্চতর গ্রেডেরও সংস্থান রেখেছে। এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও আট বছর চাকরি পূর্ণ করতে হবে। পুরো চাকরিজীবনে এই সুবিধা সর্বোচ্চ তিনবার পাওয়া সম্ভব।

নতুন বেতন স্কেলে বেতন নির্ধারণের বিষয়েও গেজেটে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারীর মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা হলে, নতুন স্কেলে তা ২৬ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হবে। পুরোনো স্কেলের বর্তমান বেতনের সাথে প্রারম্ভিক বেতনের পার্থক্য নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সাথে যোগ করে বেতন নির্ধারণ করতে হবে। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত, প্রেষণে থাকা এবং ছুটিতে থাকা কর্মচারীদের বেতন নির্ধারণের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে। তবে ছুটির সময়ে নতুন বেতন স্কেলের কারণে সৃষ্ট বাড়তি আর্থিক সুবিধা ছুটিকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে না।