প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৯
রাশিয়ায় চলমান সংসদীয় নির্বাচনের দ্বিতীয় দিনে মস্কোর দূরবর্তী ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থায় একটি শক্তিশালী সাইবার হামলা চালানো হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষের দাবি, রাতভর চালানো এই হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে জানা গেছে, রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মস্কোর ভোটিং ব্যবস্থার ওপর সারা রাত ধরে তীব্র ও ধারাবাহিক সাইবার হামলা চালানো হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। এই হামলার পরিধি এবং তীব্রতা অনেক বেশি হলেও ভোটিং ব্যবস্থার নিরাপত্তা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া কোনো বিঘ্ন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা যায়।
শুক্রবার রাশিয়ায় তিন দিনব্যাপী এই সংসদীয় নির্বাচনের পাশাপাশি আঞ্চলিক ও স্থানীয় নির্বাচন শুরু হয়েছে, যা আগামী রোববার শেষ হবে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল 'ইউনাইটেড রাশিয়া' সহ মোট ১১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বর্তমান পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিনিধিত্ব থাকা চারটি দলও রয়েছে।
এবারের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ১১ কোটি ১০ লাখের বেশি। ভোটাররা রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ৪৫০টি আসনের প্রতিনিধি নির্বাচন করতে ভোট দিচ্ছেন। এই আসনগুলোর মধ্যে ২২৫টিতে দলীয় তালিকার ভিত্তিতে এবং অবশিষ্ট ২২৫টিতে একক আসনভিত্তিক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা হবে। এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলের গভর্নর ও আঞ্চলিক আইনসভা নির্বাচনের জন্যও নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।