কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ২১:২৯ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রথমে তুহিনকে আটক করা হয়। ফুটেজে দেখা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতীমের সঙ্গে তুহিন প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল। এরপর পুলিশি অভিযানে সন্ধ্যা ৭টার দিকে আনাস এবং তার প্রায় ৩০ মিনিট পর, সাড়ে ৭টার দিকে ফাহিমকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতীম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে। অপ্রতীমের নিখোঁজ হওয়ার খবর পেয়ে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর, শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।