সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৩৪ দিনে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই অর্থ গণনার কাজ। মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজারের দানবাক্স ও ডেগ থেকে পাওয়া নগদ অর্থসহ অন্যান্য সামগ্রীর হিসাব প্রকাশ করেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনা শেষে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে সোনালী ব্যাংকের মাজারের নির্ধারিত হিসাবে জমা রাখা হয়েছে। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও রৌপ্য সামগ্রী এবং একাধিক চিঠিও পাওয়া গেছে।
মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় একটি স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির জন্য গত ২৬শে জুন ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এর পর থেকে নিয়মিত বিরতিতে প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা করা হচ্ছে। এর আগে চলতি বছরের ২২শে জুন প্রথমবারের মতো ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ১১ই জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং ১৫ই আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গিয়েছিল। সর্বশেষ পাওয়া অর্থসহ আগের তিন দফার নগদ অর্থ মিলিয়ে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা জমা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। এর আগে আগস্টের গণনায় ২ ভরি ১ রতি স্বর্ণালংকার ও ১ ভরি ২ আনা রুপা পাওয়া গিয়েছিল।