টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশ্ব বর্তমানে অনেকটাই পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতি উত্তরণে এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এসডিজি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তার বার্তায় আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা, একে অপরের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।