ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবুতে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানটি রিয়াদের কয়েকটি স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয় এবং দ্বিতীয় অভিযানটি ইয়ানবুতে আরামকোর স্থাপনাকে কেন্দ্র করে চালানো হয়। হুতিরা দাবি করেছে, উভয় অভিযানই সফল হয়েছে এবং হামলার পর লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে শুক্রবার রাতে রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানানো হয়েছে। এছাড়া শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুন দেখা গেছে।
এই ঘটনার পর ইরান মদদপুষ্ট গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে তাদের ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত থাকবে। হুতিরা সৌদি বাহিনীর সেনা ও সামরিক সমাবেশকেও লক্ষ্য করার হুমকি দিয়েছে। ইয়েমেনে সৌদির সামরিক অভিযান বন্ধ এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাল্টা অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।