নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওসির অবর্তমানে বর্তমানে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ওই ঘটনায় স্থানীয় ওসির ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। এর পাশাপাশি উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত একটি ভূরিভোজে ওসির সশরীরে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার এ বিষয়ে জানান, মূলত একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো হাতে পাওয়া যায়নি।
এদিকে ওসির দায়িত্বে আসা সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের আদেশ পাওয়ার পর সাবেক ওসি থানা ছেড়ে চলে গেছেন। তবে ঠিক কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানেন না।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বটতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।