সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক বিস্ফোরণের পরপরই সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। আল-এইস শহরের আশপাশে অবস্থিত এই সামরিক স্থাপনায় ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশন প্রধান ফয়সাল মোহাম্মদ আলী রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে জানিয়েছেন, এখনো ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটছে। পরিস্থিতির কারণে জরুরি উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। তিনি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য সতর্ক করেছেন। আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, তিনি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনার পর ছাদে উঠে দূরে বড় ধরনের আগুনের শিখা দেখতে পেয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব। তিনি জানিয়েছেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থলমুখী সড়কগুলো বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড।

দীর্ঘ গৃহযুদ্ধের কারণে সিরিয়া এখনো অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন। এছাড়া চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এর কিছু দিন আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছিল।