যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির সংলগ্ন একটি আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গরু বের করার সময় বাড়ির লোকজন গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করেন।

স্থানীয়দের ধারণা, শনিবার রাতে অজ্ঞাত কেউ এগুলো সেখানে রেখে যেতে পারে। তবে কে বা কারা এসব বস্তু রেখেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।