গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সামনের বিশ্রামাগার থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার কাশিয়ানী মধ্যপাড়া এলাকার বাসিন্দা রুকু মোল্লার ছেলে। পারিবারিক কলহের জেরে রোববার রাত ১০টার দিকে মনির বাড়ি থেকে বেরিয়ে যান বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরবর্তীতে সোমবার ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।