প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৭। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এমইপি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। রোববার রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘এম-ই-পি একসেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড এচিভার সেলিব্রেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।
এমইপি গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, অর্থনৈতিক অঞ্চলে ১০ একর জমির ওপর এই অত্যাধুনিক কারখানাটি নির্মিত হবে। এখানে আধুনিক প্রযুক্তিসম্পন্ন লাইটিং, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পণ্য উৎপাদিত হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মাধ্যমে দেশের ঘরোয়া বৈদ্যুতিক পণ্যের বাজারে গুণগত পরিবর্তন আনা, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, এমইপি গ্রুপ বাংলাদেশের ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং খাতের অন্যতম প্রাচীন ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাদের এই নতুন বিনিয়োগ দেশের দ্রুত শিল্পায়ন, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় উৎপাদন সক্ষমতা অর্জনে ইতিবাচক অবদান রাখবে।
এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই কারখানা স্থাপন কেবল উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রজেক্ট নয়, বরং এটি পণ্যের গুণগত মান, তথ্যপ্রযুক্তি, আধুনিক উদ্ভাবন এবং বাজার প্রসারের একটি দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা। গ্রুপের পরিচালক শফিকুল আলম চৌধুরী উল্লেখ করেন, নতুন কারখানার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের আগেই একটি শক্ত বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের প্রাথমিক লক্ষ্য।
উক্ত অনুষ্ঠানে এমইপি গ্রুপের পক্ষ থেকে তাদের বিশেষ অফারের বিজয়ী ৮০ জন ব্যবসায়িক অংশীদার ও পরিবেশকের হাতে ৭৮টি মোটরসাইকেল এবং ২টি ফ্রিজ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। পাশাপাশি সেখানে প্রতিষ্ঠানের আধুনিক পণ্যের প্রদর্শনী ও ব্যবসায়িক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমইপি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, আগামী অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তাদের বিশেষ অফারটি অব্যাহত থাকবে।