যুক্তরাষ্ট্র যদি পুনরায় কোনো হামলা চালায়, তবে বিশ্বকে চমকে দেওয়ার মতো নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই উত্তেজনার মধ্যেই পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া বিল উত্থাপন করেছেন আইনপ্রণেতারা।

এদিকে, রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বর্তমানে একটি বড় সিদ্ধান্তের দিকে অগ্রসর হচ্ছেন এবং পরিস্থিতি যেকোনো সময় মোড় নিতে পারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামনে থাকা বিকল্পগুলো সম্পর্কে ট্রাম্প বলেন, তেহরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া, অর্থনৈতিকভাবে ভেঙে পড়তে বাধ্য করা কিংবা কোনো চুক্তিতে পৌঁছানো—এই পথগুলোই ওয়াশিংটনের সামনে খোলা রয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, "আমি কি পুরো দেশটাকে ধ্বংস করে দেব, আর দিলে সেটা কখন?"

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনের ফের কঠোর ও আগ্রাসী অবস্থানেরই বহিঃপ্রকাশ। তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন কিংবা চূড়ান্ত লক্ষ্য অর্জন—কোনোটিই সহজ না হওয়ায় মার্কিন প্রশাসন এ ধরনের কঠোর পথ বেছে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানকে বোমা হামলায় গুঁড়িয়ে দেওয়া এবং দেশটির সভ্যতার বড় অংশ ধূলিসাৎ করে দেওয়ার তীব্র হুমকি দেওয়া হয়েছিল।