সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন নওধার (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তার স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।
পুলিশ জানায়, অভিযানের সময় আব্দুল হকের বসতঘরের শোয়ার কক্ষে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ৫০ বোতল মদ পাওয়া যায়। পরবর্তীতে দম্পতির দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে সুকৌশলে পুঁতে রাখা অবস্থায় আরও ১৫৩ বোতল মদ জব্দ করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান জানিয়েছেন, আটক দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি বা মাদক মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।